১০ কোটি ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় টেক্সাসের নারী

টেক্সাসের হিউস্টনের বাসিন্দা এমিলি থাইকে প্রায় ১০ কোটি ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার তালিকায় যুক্ত করা হয়েছে। চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় জেনেটিক টেস্টিং ও কিকব্যাক স্কিমের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ।

Jun 24, 2026 - 17:36
১০ কোটি ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় টেক্সাসের নারী
ছবি: এফবিআই

টেক্সাসের হিউস্টনের বাসিন্দা এমিলি থাইকে প্রায় ১০ কোটি ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতির অভিযোগে এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার তালিকায় যুক্ত করা হয়েছে। চিকিৎসাগতভাবে অপ্রয়োজনীয় জেনেটিক টেস্টিং ও কিকব্যাক স্কিমের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ।

এফবিআই হিউস্টন অফিস গত ২৩ জুন মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ১১ জুলাই থাইয়ের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতিতে ষড়যন্ত্র, যুক্তরাষ্ট্র সরকারকে প্রতারণায় ষড়যন্ত্র এবং ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচিতে কিকব্যাক প্রদানের অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সাল থেকে ল্যাবরেটরির মালিক থাই মার্কেটারদের সঙ্গে চুক্তি করে ডাক্তারদের সই করা অর্ডার ও সুবিধাভোগীদের ডিএনএ স্যাম্পল ল্যাবে পাঠাতেন। এর বিনিময়ে তিনি মেডিকেয়ার থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ কমিশন হিসেবে দিতেন। থাইয়ের ল্যাবরেটরি মেডিকেয়ারে প্রায় ১৪ কোটি ২০ লাখ ডলারের বিল জমা দেয় এবং প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার পায়।

গ্রেপ্তারের পর থাইকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। তবে ২০২২ সালের ৮ ডিসেম্বর তাঁর লোকেশন মনিটরিং ডিভাইস খুলে ফেলা হয়। এরপর তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে বেসরকারি বিমানে দেশ ছেড়ে পালিয়ে যান। এফবিআই জানিয়েছে, থাই সম্ভবত ভিয়েতনামে আছেন।

২০২৩ সালের ৫ জুলাই থাইয়ের বিরুদ্ধে ফেডারেল তদন্তে নথি ধ্বংস ও পরিবর্তনের আলাদা অভিযোগ আনা হয়। এফবিআই হিউস্টন অফিস তাঁর গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য দেড় লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।

সূত্র: এবিসি সেভেন