ইসরায়েল সমালোচনায় শিক্ষার্থী বহিষ্কার করা যাবে না, রায় দিলেন মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক রায় দিয়েছেন, ইসরায়েলের সমালোচনা করার কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বহিষ্কার করতে পারবে না ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক রায় দিয়েছেন, ইসরায়েলের সমালোচনা করার কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বহিষ্কার করতে পারবে না ট্রাম্প প্রশাসন।
সিবিএস নিউজ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বিচারক নোয়েল ওয়াইজ গত ২৯ আগস্ট শুক্রবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র পত্রিকা দ্য স্ট্যানফোর্ড ডেইলির পক্ষে রায় দেন। পত্রিকাটি আদালতে জানিয়েছিল, বহিষ্কারের ভয়ে বিদেশি শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করতে পারছিলেন না।
বিচারক ওয়াইজ তার রায়ে বলেছেন, বাক স্বাধীনতা কাল্পনিক হয়ে পড়ে, যদি কেবল সরকারের পছন্দের মতামত প্রকাশ করতেই মানুষ স্বাধীন থাকে। তিনি প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘনের অভিযোগে বহিষ্কার-সংক্রান্ত বিধিমালার কিছু অংশ বাতিল করে দিয়েছেন।
সান হোসেতে এই রায় প্রায় এক বছর আগে বোস্টনের একজন মার্কিন জেলা বিচারকের রায়ের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে, যিনি রায় দিয়েছিলেন যে ট্রাম্প প্রশাসন কেবল ফিলিস্তিনপন্থী মতামত প্রকাশের কারণে অ-নাগরিকদের বহিষ্কারের লক্ষ্যবস্তু করে সংবিধান লঙ্ঘন করেছে।
মামলাটি ফাউন্ডেশন ফর ইন্ডিভিজ্যুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশন দায়ের করেছিল। সংগঠনটির আইনজীবী কনর ফিটজপ্যাট্রিক জানিয়েছেন, আমেরিকায় বাক স্বাধীনতা কেবল সরকার-সম্মত মতামতের মধ্যে সীমাবদ্ধ নয়। বিচার বিভাগ এই রায়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: সিবিএস নিউজ