টেসলার অটোপাইলট চালু থাকা গাড়ি ঘরে ঢুকে নারী নিহত
টেক্সাসের কেটিতে অটোপাইলট ব্যবস্থা চালু থাকা একটি টেসলা মডেল ৩ ঘরে ঢুকে পড়ায় ঘরের ভেতরে থাকা এক নারী নিহত হয়েছেন। হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গাড়িটি রাস্তা ছেড়ে দ্রুতগতিতে একটি ইটের বাড়িতে আঘাত করে।

গত ১৯ জুন শুক্রবার রাত আটটার দিকে মাইকেল বাটলার নামের চালক কেটি এলাকায় গাড়ি চালাচ্ছিলেন। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, তিনি গাড়িটি স্বয়ংক্রিয় অটোপাইলট ব্যবস্থায় চালাচ্ছিলেন এবং একপর্যায়ে গাড়িটি নিজ লেন ধরে রাখতে ব্যর্থ হয়।
শেরিফের কার্যালয় জানায়, গাড়িটি বাড়ির ভেতরে ঢুকে মার্থা আভিলা নামের নারীকে আঘাত করে। তাঁকে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চালক বাটলার আহত হলেও তদন্তকারীরা তাঁর মধ্যে মাদক বা মদ্যপানের লক্ষণ পাননি। তিনি কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানানো হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হয়নি।
ঘটনাটি টেসলার অটোপাইলট প্রযুক্তি নিয়ে চলমান নিরাপত্তা আলোচনাকে নতুন করে সামনে এনেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে না। সূত্র: এবিসি নিউজ, হিউস্টন ক্রনিকল ও হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয়