পেন্টাগনের ব্যবস্থা বেআইনি বললেন বিচারক, মামলায় জিতল অ্যান্থ্রপিক

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যান্থ্রপিককে সাপ্লাই চেইন ঝুঁকি হিসেবে চিহ্নিত করে পেন্টাগন যে পদক্ষেপ নিয়েছিল, তাকে বেআইনি ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক।

Aug 31, 2026 - 19:30
পেন্টাগনের ব্যবস্থা বেআইনি বললেন বিচারক, মামলায় জিতল অ্যান্থ্রপিক
উইকিমিডিয়া কমন্স: TechCrunch

মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যান্থ্রপিককে সাপ্লাই চেইন ঝুঁকি হিসেবে চিহ্নিত করে পেন্টাগন যে পদক্ষেপ নিয়েছিল, তাকে বেআইনি ও ভিত্তিহীন বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক।

এপি নিউজ জানায়, মার্কিন জেলা বিচারক রিটা লিন গত বৃহস্পতিবার রাতে লিখিত আদেশে বলেন, পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নিজের সমালোচনা করায় অ্যান্থ্রপিককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ইচ্ছা থেকে এই পদক্ষেপ নিয়েছিল।

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অ্যান্থ্রপিককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আখ্যা দেন এবং প্রতিষ্ঠানটিকে সাপ্লাই চেইন ঝুঁকি হিসেবে চিহ্নিত করেন।

অ্যান্থ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই সরকারের চাপের কাছে নতি স্বীকার করেননি। তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন যে প্রতিষ্ঠানটির পণ্য গণ-নজরদারি বা স্বায়ত্তশাসিত সশস্ত্র ড্রোনে ব্যবহার হতে পারে। রায়কে স্বাগত জানিয়ে অ্যান্থ্রপিক বিবৃতিতে বলেছে, তারা জাতীয় নিরাপত্তায় সরকারের সঙ্গে উৎপাদনশীলভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন সরকার এই রায়ের বিরুদ্ধে লড়াই করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিচারকের আদেশে বলা হয়, পেন্টাগনের এই পদক্ষেপ অ্যান্থ্রপিকের বিরুদ্ধে কোনো বাস্তব নাশকতামূলক কার্যক্রমের প্রমাণের ভিত্তিতে নয়, বরং সরকারের সমালোচনা করায় শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।

সূত্র: এপি নিউজ