পেন স্টেটে কোকেন চক্র, ১৩ শিক্ষার্থীসহ এক শিক্ষার্থীর বাবা অভিযুক্ত

পেনসিলভানিয়ার পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে কোকেন পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষার্থীর বাবা।

Aug 24, 2026 - 14:35
পেন স্টেটে কোকেন চক্র, ১৩ শিক্ষার্থীসহ এক শিক্ষার্থীর বাবা অভিযুক্ত
পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের নিটানি লায়ন শ্রাইন। ছবি: উইকিমিডিয়া কমন্স

পেনসিলভানিয়ার পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে কোকেন পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে ১৩ জন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং একজন এক শিক্ষার্থীর বাবা।

পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, এই চক্র ২০২৩ ও ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের ডেল্টা আপসিলন ও সিগমা চি ফ্র্যাটার্নিটি হাউস থেকে পরিচালিত হতো। অগস্টিনো আবাতিয়েল্লো ও থমাস রবিনসন নামের দুই শিক্ষার্থী মূল হোতা হিসেবে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়া থেকে কোকেন সংগ্রহ করতেন।

তদন্তে জানা গেছে, ফ্র্যাটার্নিটিতে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার শর্ত হিসেবে তাদের জোরপূর্বক কোকেন কাটা ও প্যাকেটজাত করার কাজে ব্যবহার করা হতো। আবাতিয়েল্লো, রবিনসন, মোহাম্মদ হুরাবি ও লার্স জিপভ্যাটের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ ও ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

থমাস রবিনসনের বাবা পল রবিনসন, যিনি পেশায় আইনজীবী, তার বিরুদ্ধে মাদক ও নগদ অর্থভর্তি একটি সিন্দুক লুকিয়ে রাখা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বাকি আট শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক রাখার তুলনামূলক লঘু অভিযোগ দায়ের করা হয়েছে।

পেন স্টেট কর্তৃপক্ষ অভিযুক্তদের ফ্র্যাটার্নিটি দুটি নিষিদ্ধ করেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তদের নির্দোষ ধরে নেওয়া হবে।