বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করতে চায় মার্স্ক
ড্যানিশ শিপিং কোম্পানি এপি মোলার-মার্স্ক বাংলাদেশের জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার খাতে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
ড্যানিশ শিপিং কোম্পানি এপি মোলার-মার্স্ক বাংলাদেশের জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার খাতে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
দ্য ডেইলি স্টার জানিয়েছে, ঢাকায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের বাসভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার ও এপি মোলার সিঙ্গাপুরের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিহল পেডার্সেনের সঙ্গে এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের জাহাজ পুনর্ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে। মার্স্কের পুরনো জাহাজ ভাঙার পাশাপাশি নতুন জাহাজ তৈরিতেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মন্ত্রী বলেছেন বাংলাদেশ শুধু পুরনো জাহাজ ভাঙার নয়, নতুন জাহাজ তৈরির একটি প্রতিশ্রুতিশীল কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। মার্স্কের বৈশ্বিক নৌবহর বিবেচনায় এই সম্ভাব্য বিনিয়োগকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মন্ত্রণালয় মনে করছে।
বাংলাদেশ জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার উভয় খাতেই বছরের পর বছর ধরে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছে। বৈঠকে বলা হয়, বৈশ্বিক কোম্পানিগুলোর অংশগ্রহণ দেশে পুঁজি, প্রযুক্তি ও দক্ষতা আনার পাশাপাশি সহায়ক শিল্পকে আরও শক্তিশালী করতে পারে।
সূত্র: দ্য ডেইলি স্টার