টেক্সাসের হাসপাতালগুলো মেডিকেইড তহবিলে প্রতিদিন ২৭ মিলিয়ন ডলার হারাবে

ট্রাম্প প্রশাসন টেক্সাসের হাসপাতালগুলোর জন্য নয়শো আশি কোটি ডলারের মেডিকেইড তহবিল আটকে দিয়েছে। রাজ্যের নতুন অর্থবছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে হাসপাতালগুলো প্রতিদিন ২৭ মিলিয়ন ডলার অতিরিক্ত তহবিল থেকে বঞ্চিত হতে শুরু করেছে।

Sep 2, 2026 - 08:27
টেক্সাসের হাসপাতালগুলো মেডিকেইড তহবিলে প্রতিদিন ২৭ মিলিয়ন ডলার হারাবে
উইকিমিডিয়া কমন্স: Tony Webster

ট্রাম্প প্রশাসন টেক্সাসের হাসপাতালগুলোর জন্য নয়শো আশি কোটি ডলারের মেডিকেইড তহবিল আটকে দিয়েছে। রাজ্যের নতুন অর্থবছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে হাসপাতালগুলো প্রতিদিন ২৭ মিলিয়ন ডলার অতিরিক্ত তহবিল থেকে বঞ্চিত হতে শুরু করেছে।

টেক্সাস ট্রিবিউন ও এপি নিউজ জানিয়েছে, ট্রাম্পের বিগ বিউটিফুল বিল আইনে অন্তর্ভুক্ত নতুন মেডিকেইড বিধিমালার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফেডারেল সরকার মূলত সিএইচআইআরপি নামে পরিচিত একটি কর্মসূচির অর্থ ছাড় দিতে অস্বীকার করেছে।

এই কর্মসূচির আওতায় স্থানীয় সরকারি সংস্থাগুলো হাসপাতাল থেকে বার্ষিক প্রায় চারশ কোটি ডলার কর সংগ্রহ করে এবং ফেডারেল সরকার সেই অর্থের সমপরিমাণ অর্থ দিত। টেক্সাসে মেডিকেইডের আওতায় ৪০ লাখ কম আয়ের মানুষ রয়েছেন, যাদের বেশিরভাগই শিশু।

টেক্সাস হাসপাতাল অ্যাসোসিয়েশনের জন হকিন্স জানিয়েছেন, এ সংকট আরও এক মাস চললে নর্থ টেক্সাসের কিছু হাসপাতাল সেবা কমাতে বা কর্মী ছাঁটাই করতে বাধ্য হবে। হিউস্টনের হ্যারিস হেলথ একাই আগামী বছর কমপক্ষে ২৫ কোটি ৮০ লাখ ডলার কম পাবে এবং সামগ্রিকভাবে ওই অঞ্চলে ক্ষতি হতে পারে ১৪০ কোটি ডলার পর্যন্ত।

ফেডারেল সরকারের আপত্তি মূলত দুটি বিষয়ে। টেক্সাসে আইনত অনাগরিক প্রাপ্তবয়স্করা মেডিকেইড সেবা পান না, কিন্তু ফেডারেল সরকার এটি প্রয়োগ হচ্ছে কিনা তার আরও প্রমাণ চাইছে। এ ছাড়া হাসপাতালগুলো কীভাবে ব্যয় হিসাব করছে সে বিষয়েও প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ।

সূত্র: এপি নিউজ ও টেক্সাস ট্রিবিউন