টারেন্ট কাউন্টি কারাগারে সদ্য প্রসূতির মৃত্যু, বছরে পাঁচ হেফাজত মৃত্যু

টেক্সাসের টারেন্ট কাউন্টি কারাগারে গত ২৯ আগস্ট শনিবার রাতে ৩৬ বছর বয়সী গেমা সুইংগেল মৃত্যুবরণ করেছেন। চলতি বছর ওই কারাগারে এটি পঞ্চম হেফাজত মৃত্যু।

Sep 2, 2026 - 19:04
টারেন্ট কাউন্টি কারাগারে সদ্য প্রসূতির মৃত্যু, বছরে পাঁচ হেফাজত মৃত্যু
উইকিমিডিয়া কমন্স

টেক্সাসের টারেন্ট কাউন্টি কারাগারে গত ২৯ আগস্ট শনিবার রাতে ৩৬ বছর বয়সী গেমা সুইংগেল মৃত্যুবরণ করেছেন। চলতি বছর ওই কারাগারে এটি পঞ্চম হেফাজত মৃত্যু।

টারেন্ট কাউন্টি শেরিফ অফিসের বিবৃতির বরাত দিয়ে ড্যালাস মর্নিং নিউজ জানিয়েছে, রাত দেড়টার কিছু পরে সুইংগেলকে তার সেলে অচেতন অবস্থায় পাওয়া যায়। ভোর ২টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

গত ৫ আগস্ট ফোর্ট ওয়ার্থ পুলিশ যৌনকর্মের অভিযোগে সুইংগেলকে গ্রেপ্তার করে। ১৩ আগস্টের এক আদালত নথি অনুযায়ী, তখন তিনি গর্ভবতী ছিলেন এবং প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল। ২৫ আগস্ট কারাগারে আনার আগে তিনি একটি মেয়ের জন্ম দেন। ওই শিশু এখন টেক্সাস ডিপার্টমেন্ট অব ফ্যামিলি অ্যান্ড প্রোটেক্টিভ সার্ভিসেসের তত্ত্বাবধানে রয়েছে।

সুইংগেলের ভাই ট্রেভর সুইংগেল বলেছেন, পরিবার ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে এবং জানতে চায় কারা কর্তৃপক্ষ তার স্বাস্থ্য সমস্যার বিষয়ে অবগত ছিল কি না। তিনি মন্তব্য করেন, রাষ্ট্রের হেফাজতে থেকে তার বোনের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত গর্হিত।

চলতি বছর ওই কারাগারে আরও চারজন মারা গেছেন। ১৯ এপ্রিল জন ব্যার, ১৬ জুন জেমস জনসন, ১৭ জুন কার্ল ম্যাক্রে এবং ১৮ জুন ম্যাক গ্রিয়ার মৃত্যুবরণ করেন। সুইংগেলের মৃত্যু তদন্ত করছে হালটম সিটি পুলিশ।

সূত্র: ড্যালাস মর্নিং নিউজ