ডালাসে আবর্জনা ট্রাকের ক্যামেরায় ২১ হাজার বাড়িতে ব্লাইট স্কোর, কাউন্সিলে আপত্তি
ডালাস শহরের আবর্জনা সংগ্রহের ট্রাকে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ক্যামেরা গত এপ্রিল থেকে প্রায় ২১ হাজার বাড়িকে একটি "ব্লাইট স্কোর" দিয়েছে বলে সিটি রেকর্ড থেকে জানা গেছে। এই ক্যামেরাগুলো সম্ভাব্য কোড লঙ্ঘন শনাক্ত করে এবং সংশ্লিষ্ট সম্পত্তিকে স্কোর প্রদান করে।
ডালাস শহরের আবর্জনা সংগ্রহের ট্রাকে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ক্যামেরা গত এপ্রিল থেকে প্রায় ২১ হাজার বাড়িকে একটি ব্লাইট স্কোর দিয়েছে বলে সিটি রেকর্ড থেকে জানা গেছে। এই ক্যামেরাগুলো সম্ভাব্য কোড লঙ্ঘন শনাক্ত করে এবং সংশ্লিষ্ট সম্পত্তিকে স্কোর প্রদান করে।
এনবিসি ফাইভ ইনভেস্টিগেটসের প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত করা ২১ হাজার সম্পত্তির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সাউদার্ন ডালাসে, যেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বেশ কয়েকটি এলাকা অন্তর্ভুক্ত। ইতিমধ্যে শহরটি এই তালিকার ১ হাজার ৮০০ বাড়ির মালিককে সৌজন্য নোটিশ পাঠিয়েছে।
ডালাস সিটি কাউন্সিলম্যান চাড ওয়েস্ট প্রকল্পটির জন্য বরাদ্দ তিন বছরের ২৫ লাখ ডলারের চুক্তি থেকে অর্থ প্রত্যাহারের একটি বাজেট সংশোধনী প্রস্তাব করেন। তিনি বলেন, আমার প্রধান উদ্বেগ হলো এটি অনিচ্ছাকৃতভাবে দরিদ্রদের ওপর একটি কর হয়ে উঠতে পারে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যামেরার তোলা ছবি কেবল অভ্যন্তরীণ কাজে ব্যবহার হয় এবং প্রতিটি ছবি একজন মানব পর্যালোচক যাচাই করেন। প্রকল্পটি পরিচালনাকারী কোম্পানি সিটি ডিটেক্টের প্রধান নির্বাহী গ্যাভিন বম-ব্লেক বলেন, ক্যামেরা মুখ ও গাড়ির নম্বর প্লেট ঝাপসা করে দেয় এবং এটি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত নয়।
কাউন্সিলম্যান ওয়েস্ট বুধবারের বৈঠকে তার প্রস্তাবটি স্থগিত রাখেন, কারণ শহরের ম্যানেজার ডিসেম্বরে এই বিষয়ে একটি শুনানির আয়োজন করতে সম্মত হয়েছেন। শহরের বার্ষিক লক্ষ্য হলো প্রায় ৫ হাজার ২০০ নোটিশ পাঠানো।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ