ডালাসে ঠিকাদার শ্রমিকদের জীবনযাত্রা-মজুরি কমানোর পরিকল্পনায় শ্রমিক সংগঠনের আপত্তি
ডালাস সিটি কাউন্সিল পরিষ্কারকর্মী ও নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন ঠিকাদার শ্রমিকদের ন্যূনতম জীবনযাত্রা-মজুরির হার কমানোর পরিকল্পনা করছে। নতুন প্রস্তাবিত ফর্মুলা অনুযায়ী, ভবিষ্যতের সেবা চুক্তিতে এমআইটি লিভিং ওয়েজ ক্যালকুলেটর এবং যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যের মধ্যে যেটি কম সেটি প্রযোজ্য হবে।

ডালাস মর্নিং নিউজ জানিয়েছে, গত ২ সেপ্টেম্বর বুধবার সিটি কাউন্সিলে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর এই প্রস্তাবে ভোট নেওয়ার কথা রয়েছে।
বর্তমানে ডালাসের নিরাপত্তারক্ষীরা ঘণ্টায় ২৩ ডলার পান। নতুন ফর্মুলায় ফেডারেল তথ্য ব্যবহার করলে তাদের মজুরি ১৮ দশমিক ৮২ ডলারে নামবে। ইউনাইটেড স্টিলওয়ার্কার্সের স্থানীয় শাখার ভাইস প্রেসিডেন্ট জন ম্যালন জানিয়েছেন, একজন পূর্ণকালীন পরিষ্কারকর্মী বার্ষিক ১৩ হাজার ডলার পর্যন্ত কম পাবেন।
শ্রম অধিকার সংগঠনগুলো বলছে, শহর তার আর্থিক সংকটের বোঝা শ্রমিকদের ওপর চাপাচ্ছে। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ৪২টি চুক্তির মধ্যে ২৮টি এই পরিবর্তন থেকে বাদ থাকবে এবং প্রতি দুই বছরে নীতিটি পর্যালোচনা করা হবে।
ডালাস ২০১৫ সালে ঠিকাদার শ্রমিকদের জন্য ন্যূনতম জীবনযাত্রা-মজুরি চালু করে। তখন ঘণ্টাপ্রতি মজুরি ছিল ১০ ডলারের কিছু বেশি, যা পরে বেড়ে ২৩ ডলারে উন্নীত হয়েছে। প্রস্তাবটি বিদ্যমান চুক্তিতে প্রভাব ফেলবে না; কেবল ভবিষ্যতের চুক্তিতে কার্যকর হবে।
সূত্র: ডালাস মর্নিং নিউজ